১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৬

জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার

জাতিসংঘের মতো আর্ন্তজাতিক প্রতিষ্ঠানে দায়িত্ববণ্টন নিয়ে ধোয়াশায় বিব্রত সরকার  © টিডিসি সম্পাদিত ছবি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত ও দায়িত্ব বণ্টন নিয়ে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি-১ অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে না দিয়ে উপ-স্থায়ী প্রতিনিধি-২ সঞ্চিতা হককে দেওয়ায় পেশাগত অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াহিদুজ্জামান। এ ঘটনায় ১০ দিনের ছুটি ও কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়ে পররাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছেন তিনি। বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

নিউজ ডিপ্লোম্যাটসের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনে পাঠানো এক কূটনৈতিক নোটে জানানো হয়, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে নিউইয়র্কের বাইরে থাকাকালে ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করবেন উপ-স্থায়ী প্রতিনিধি-২ সঞ্চিতা হক।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে চিঠি দেন ওয়াহিদুজ্জামান। ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং নিউইয়র্ক ত্যাগের অনুমতি চান তিনি। চিঠিতে সঞ্চিতা হককে ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে গভীর পেশাগত উদ্বেগের কথা উল্লেখ করেন তিনি। তাঁর যুক্তি, তিনি মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-১ এবং গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত। এর আগে স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকলে তিনি ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করেছেন।

দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন

কূটনৈতিক রীতি অনুযায়ী, মিশন প্রধানের অনুপস্থিতিতে সাধারণত জ্যেষ্ঠ কোনো কূটনীতিককে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তবে এ দায়িত্ব বণ্টন সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় না। প্রশাসনিক প্রয়োজন, দায়িত্ব পালনের সুবিধা এবং মিশন পরিচালনার স্বার্থ বিবেচনায় মিশন প্রধান এ সিদ্ধান্ত নিতে পারেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বর্তমান কর্মকর্তাদের তালিকায় আইরিন জুবায়েদা খান স্থায়ী প্রতিনিধি, এ কে এম ওয়াহিদুজ্জামান উপ-স্থায়ী প্রতিনিধি এবং সঞ্চিতা হক উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে দায়িত্ব বণ্টন নিয়ে তাঁদের মধ্যে সৃষ্ট মতপার্থক্য মিশনের প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন প্রশ্ন তৈরি করেছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়াহিদুজ্জামানের আবেদন

নিউজ ডিপ্লোম্যাটসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহিদুজ্জামানের ছুটি ও স্টেশন লিভের আবেদন এবং দায়িত্ব বণ্টন নিয়ে তাঁর অসন্তোষ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে। বিষয়টি প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমাধানের পরিবর্তে প্রকাশ্য আলোচনায় আসায় কূটনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে কী ধরনের আলোচনা হয়েছে, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিশনের অভ্যন্তরীণ সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আইরিন খানের আন্তর্জাতিক পরিচিতি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবায়েদা খান আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির প্রথম নারী প্রধান ছিলেন তিনি। এ ছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরেও তাঁর ২১ বছরের কর্ম-অভিজ্ঞতা রয়েছে।

গত ২৮ আগস্ট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার, শরণার্থী সুরক্ষা ও বহুপক্ষীয় কূটনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

পেশাদার কূটনীতিক সঞ্চিতা হক

অন্যদিকে, ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়া সঞ্চিতা হক দীর্ঘদিনের পেশাদার কূটনীতিক। ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি। নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

চলতি বছরের জুলাইয়ে তাঁকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মিশনের চলমান পরিস্থিতিতে তাঁর ওপর অর্পিত ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব কূটনৈতিক ও প্রশাসনিকভাবে কতটা নির্বিঘ্নে পরিচালিত হয়, সেটিও পর্যবেক্ষণে রয়েছে।

কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্ন

কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনগুলোর অভ্যন্তরীণ সমন্বয়, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব বণ্টন বা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কোনো কর্মকর্তার আপত্তি থাকলে তা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উত্থাপন ও নিষ্পত্তি করাই প্রচলিত রীতি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন দেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা বা প্রকাশ্য বিরোধ দীর্ঘায়িত হলে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। ফলে ওয়াহিদুজ্জামানের ছুটির আবেদন এবং ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি নিয়োগ নিয়ে সৃষ্ট মতপার্থক্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।