১২ নভেম্বর ২০২৬, ২০:২০

মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন—‘কলমাকান্দা ভুলব না, নামটি সুন্দর’

ডেপুটি স্পিকার কায়সার কামাল।  © টিডিসি ছবি

নেত্রকোনার কলমাকান্দা এবং সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। একইসঙ্গে বিষয়টি লিখে রাখার আহ্বানও জানান তিনি। তবে এর জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘কমলাকান্দা ভুলব না, নামটা অত্যন্ত সুন্দর।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে মহিলা কলেজ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলাকালীন ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের এমন কথোপকথোন হয়।

ডেপুটি স্পিকার মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, ‘কলমাকান্দার নামটা একটু আশরাফউদ্দীন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, উনাকে (শিক্ষামন্ত্রী) দেওয়ার জন্য।’

এরপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী স্পিকারকে বলেন, ‘আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কমলাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, লাকসাম উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবের পাশাপাশি অন্য সংসদ সদস্যরাও নারী শিক্ষার সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারও নারী শিক্ষার প্রসার চায়।

নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সকলেই নারী শিক্ষার সম্প্রসারণ চাই, যেটা চেয়েছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া।’

শিক্ষামন্ত্রীর ভাষ্য, নারীরা ঘরে বসে থাকুক, তা চাননি বেগম খালেদা জিয়া। এ জন্য তিনি মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে উচ্চমাধ্যমিক পর্যায়েও এ উপবৃত্তি চালু করা হয়।