সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, দেশের নারীরা এখন নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার উপযুক্ত সময় এসেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
স্পিকার বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া। এতে নারীদের নিজ যোগ্যতায় নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ বাড়বে।’
তিনি আরও বলেন, ‘দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তাঁরা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।’
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
আলোচনা সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, ‘যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে, তা বোঝা বেশ মুশকিল। দেশের আজকের যে অবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।’
রাজনীতিবিদেরা নিজেদের সংশোধন করলে দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্পিকার বলেন, ‘রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলে এবং ঠিক হয়ে গেলেই পুরো দেশ বদলে যাবে।’
রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।’
বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দেন স্পিকার। তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন।’ দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই উল্লেখ করে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলে দাবি করেন তিনি।