হাসনাত বললেন মহোৎসব করে ডিলারশিপ নিয়েছেন বিএনপি এমপিরা, মন্ত্রী বললেন— ‘আমরা তো চাই উৎসব হোক’
সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্বজনদের অগ্রাধিকার দেওয়া এবং দেশজুড়ে ডিলারশিপ নিয়ে ‘মহোৎসব’ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘আমরা তো চাই এটা উৎসব হোক। এর মতো করে মানুষ নেক, আমরা তো এটাই চাই।’ বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তারা।
সংসদে আবুল হাসনাত বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে মহোৎসব হয়েছে। এতে বিএনপির সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভগ্নিপতি ও ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতা ও জনপ্রতিনিধিদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি।
তিনি আরও বলেন, কিছুদিন আগে নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
আবুল হাসনাত বলেন, ‘মাননীয় স্পিকার, আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে এই যে সারা দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের যারা এমপি, অসাংবিধানিক এই সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিলারশিপ দিয়েছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় ডিলারশিপ দিয়েছেন।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনে দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিলেন বলে উল্লেখ করেন হাসনাত। তার অভিযোগ, বর্তমানে বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা অনুসরণ করছে, যার কোনো নিয়ম বা বিধি নেই।
সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে দাবি করে হাসনাত বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ আমলে ব্যবসা করা ব্যক্তিরাও যাতে আবার ডিলারশিপ পাওয়ার সুযোগ পান, সে ধরনের নিয়ম মন্ত্রণালয় থেকে করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি মন্ত্রীর কাছে জানতে চান, ডিলার নিয়োগে এসব অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং নিয়োগ পাওয়া ডিলারদের তালিকা আবার পর্যালোচনা করা হবে কি না। একই সঙ্গে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত করার সংস্কৃতি কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য সারের ডিলার নিয়োগকে মহোৎসব হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থে দেখছেন।
মন্ত্রী বলেন, ‘আমরা তো চাই এটা উৎসব হোক। এর মতো করে মানুষ নেক, আমরা তো এটাই চাই। মাননীয় স্পিকার, উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, ভিন্ন।’
ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
তিনি জানান, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে কিছু নিয়ম ও শর্ত নির্ধারণ করা ছিল। সেই শর্ত অনুসরণ করে ডিলার নির্বাচন করতে উপজেলা ও জেলা পর্যায়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আবেদনকারীরা প্রথমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। পরে জেলা প্রশাসক আবেদনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করেছে।
বক্তব্যের একপর্যায়ে সংসদে বিরোধী দলের সদস্যদের পার্শ্বকথা বন্ধ রাখার অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, তিনি নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছেন। তার জবাব অপছন্দ হলে সংসদ সদস্যরা পরবর্তী সময়ে আবার প্রশ্ন করতে পারবেন। তবে বক্তব্য দেওয়ার সময় যেন কেউ পার্শ্বকথা না বলেন, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।