১০ নভেম্বর ২০২৬, ১৯:৩১

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে ষড়যন্ত্র করছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারা কাদের সাথে ষড়যন্ত্র করছে, এ সমস্ত বিষয় আমি বলবো না। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেব, মাননীয় স্পিকার, বিশ্বাসযোগ্যভাবে যদি কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের উপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেল্পার থাকেন না, ওরকম আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।

তিনি বলেন, সুতরাং এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না। আমি দীর্ঘ বক্তৃতা দেবো না। কারণ আমি সবসময় ডাটাগুলো হাতে রাখি। মাননীয় স্পিকার, যখন জাতীয় সংসদ শুরু হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন কোন খাতে কী কী উন্নতি হয়েছে, কোন কোন ক্যাটাগরিতে অপরাধ চিত্র কী, বর্তমান মাসের কী, তার আগের মাসের কী, বিগত বছরের তুলনায় এই বছর কী আমাদের ফেব্রুয়ারিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তার ডাটা সবগুলো হাতে নিয়ে বসে আছি। কিন্তু আজকে এটা এখানে বলার কথা না।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি কোনো মাননীয় সদস্য কোনো বিষয়ে উল্লেখ করেন, যাতে আমি বলতে পারি, সেজন্য এখানে দাঁড়ালাম। আপনি গতকালের আমি আজকে এগুলো বলার কথা না, মাননীয় স্পিকার। ‘আইনশৃঙ্খলার অবনতি ঠেকানোই যাচ্ছে না’ এই পত্রিকা। গতকালকের, আজকের না। গতকালকে পার্লামেন্ট সেশন শুরু হয়েছে। এই পত্রিকাটা যাতে এখানে দেখানো যায়, সেজন্য এটা প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, যেই তালিকাটা এখানে দেওয়া হয়েছে, ২,৯২৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটা বেশ কম আছে, ২ হাজার ৯৩৮ হবে। তারপরও এটাকে আমি সঠিক ধরে নেই। পুলিশের ওয়েবসাইট থেকে নিয়েছে, সুতরাং কৃতিত্ব দিতেই হয়। কিন্তু অবনতি এবং উন্নতি এটা একটা রিলেটিভ ওয়ার্ড, আপেক্ষিক শব্দ। অবনতি কবে থেকে? তুলনামূলক হবে, কম্পারেটিভ স্টেটমেন্ট। এই যে আগের তুলনায় অবনতি হয়েছে, এটা বলার জন্য কিন্তু আগের বছরের স্টেটমেন্টটা কি উনি এখানে উল্লেখ করেছেন? তাও তো পুলিশ ওয়েবসাইটে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,আমি আপনাকে বলতে চাই, ৩০০-এর কাছাকাছি একই পরিসংখ্যান গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় কম হয়েছে। এবার সেটা উন্নতি না অবনতি? কিন্তু সেই পরিসংখ্যান এখানে দেওয়া হয়নি, মাননীয় স্পিকার। উদ্দেশ্যমূলকভাবে এইভাবে এই নিউজগুলো করা হয়। আমি তো ডাটা নিয়ে কথা বলব। যেই ওয়েবসাইটে তিনি উল্লেখ করেছেন, সেই একই ওয়েবসাইট নিয়ে কথা বলব এবং সেটা আমি এখানে ডেলিভার করবো। এটা সত্যতা যাচাই করতে পারবে যে কেউ। মাননীয় স্পিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি, সেই বিষয়ে যদি স্টেটমেন্ট আমাকে দিতে হয়, তাহলে আমি আগামীকালকে দেই, ৩০০ বিধিতে দেই। আজকে শুধু কয়েকটি কথা বললাম।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কারো যে কোনো রকমের ষড়যন্ত্র দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না, মাননীয়। আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ যে, ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব।