১০ নভেম্বর ২০২৬, ১৩:১৬

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই

কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম  © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু নিয়ে এবার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, তাই তার পাসপোর্ট ইস্যুর সুযোগ নাই। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, পাসপোর্ট দেওয়া না দেওয়া সম্পর্কিত আমাদের আইনের বিধানটা কী? ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ এবং আর্টিকেল ৭ অত্যন্ত প্রাসঙ্গিক। আর্টিকেল ৬ এ বলেছে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোস্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হন, এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বৎসর পর্যন্ত হয় তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। একইভাবে আর্টিকেল ৭ এ বলেছে, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মরাল টার্পিচিউড (নৈতিক স্থলন) এর কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে, অথবা এটা রিভোক (বাতিল) করা যেতে পারে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, এটাকে মরাল টার্পিচিউড বলা হয়। এবং নৈতিক স্থলনজনিত অপরাধ এটি। যার ফলে সঙ্গত কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি, ই- এই ধারাগুলি যদি কম্বাইন্ডলি দেখেন, সেখানে দেখবেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার।

এর আগে গতকাল নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্স একটি চিঠির বরাতে এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার এই উদ্যোগে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

এদিকে শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে গতকাল জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।