১০ নভেম্বর ২০২৬, ১২:২৩

প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার: ডা. জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এর মধ্যে বাংলাদেশ সরকার ৩ হাজার ৪০৩ কোটি টাকা দেবে। বাকি ৭৯৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে ডা. জাহেদ বলেন, ‘সরকার মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে। এতে ৪,১৯০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে ৩,৪০৩ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা আসবে।’

শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের যে জিনিসটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে—সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে অবশ্য, কিন্তু শিক্ষার ধ্বংসপ্রাপ্ত হওয়াটা সম্ভবত আমরা সবচেয়ে বেশি নোটিশ করেছি। সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে এবং যারা যারা মান ধরে রাখতে পারবেন, তাদের জন্যই আসলে রাষ্ট্রীয় সরকারি সনদ থাকবে। কিছুদিন আগে এইচএসসি পরীক্ষায় আপনারা সেটা দেখতে পেরেছেন।’