ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর গলাচিপায় সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ছাড়া ঝুমুরের মাদ্রাসার সুপার জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।
সোমবার (৯ নভেম্বর) ইউএনওর নির্দেশে চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। তাঁরা বিয়ের আয়োজন বন্ধ করেন। পরে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় তিনি ঝুমুরের সাহসী উদ্যোগের প্রশংসা করেন এবং তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতিমন্ত্রীর এমন আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছে ঝুমুর ও তার পরিবার।
ঝুমুর আক্তার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনার প্রতি ঝুমুরের প্রবল আগ্রহ রয়েছে। সে প্রতিদিনের পড়া নিয়মিত প্রস্তুত করে আসে। একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।
জানা গেছে, ঝুমুরের মতামত উপেক্ষা করে পরিবারের সদস্যরা তার বিয়ের আয়োজন করেন। ৯ নভেম্বর বিয়ের দিনও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে গত ৮ নভেম্বর পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর লিখিত আবেদন করে ঝুমুর।
আবেদনে সে জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন এবং তাকে বিয়ে দিতে বাধ্য করছেন। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। আবেদনে ঝুমুর লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’
ঝুমুরের বাবা লাল মিয়া সরদার জানান, তিনি একজন দিনমজুর। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। তাঁদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাঁকে বহন করতে হয়। তাঁর ছেলে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
লাল মিয়া সরদার বলেন, ‘আমি দিনমজুর মানুষ। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছি। তাদের ঘরে তিন নাতনির পড়ার খরচও আমাকে দিতে হয়। ছেলে আমার সঙ্গে দিনমজুরের কাজ করে। সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় মেয়ের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়ে বিয়েতে রাজি হয়নি। এখন স্যাররা বলেছেন, মেয়ে ভালো পড়াশোনা করে। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। আমি চাই, আমার মেয়ে পড়াশোনা করুক।’
ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুমুর আমার মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী। সপ্তম শ্রেণিতে তার রোল নম্বর ১। পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। সে যত দিন আমার মাদ্রাসায় পড়াশোনা করবে, তত দিন তার কোনো টাকা-পয়সা খরচ হবে না। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি জানার পর ঝুমুরের বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে আসেন। তারা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি এবং বুঝিয়ে বলেছি। তাঁরা বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। মেয়েটির পড়ালেখা চালিয়ে নিতে সহায়তা করা হবে।’