০৯ নভেম্বর ২০২৬, ১৬:১৭

ফ্যাসিস্টকে প্রতিহত করার তৌফিক চেয়ে সংসদে মোনাজাত

সংসদ অধিবেশনে মোনাজাত করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন  © সংগৃহীত

ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা প্রতিহত করার তওফিক চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছে। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টা থেকে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা প্রতিহত করার তওফিক চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের তওফিকও কামনা করেন তিনি।