১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
আগামী ২১ জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
রবিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রথম ধাপে কমবেশি ১ হাজার ৫০টি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।’
ইসি সচিব জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে নির্বাচনের তালিকা চূড়ান্ত করা হবে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে অধিকাংশের নির্বাচন প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চাই। তৃতীয়, চতুর্থ ও চতুর্থ ধাপে এ সংখ্যা কমবে।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ সামনে রেখে নির্বাচনী সামগ্রী প্রস্তুতের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করা এবং তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।