০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯

প্রধান বিচারপতির অবসরের বয়স কমিয়ে ৬৫ করার প্রস্তাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  © সংগৃহীত

প্রধান বিচারপতির অবসরের বয়স ৬৭ বছর থেকে কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এ প্রস্তাব আনা হলে বিচার বিভাগের স্বাধীনতা আরও নিশ্চিত করার পথ তৈরি হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতির অবসরের বয়স ৬৫ বছর করা হলে কেমন হয়, বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তার মতে, অতীতে একজনকে প্রধান উপদেষ্টা করার সুযোগ তৈরির জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পরিবর্তন করে বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে সংবিধানের ওই পরিবর্তনের কারণে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইতিহাস একদিন এ সিদ্ধান্তের বিশ্লেষণ ও মূল্যায়ন করবে। তবে এখন তাঁর নিজেরও মনে হয়, অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর না করলেই ভালো হতো।

তিনি আরও বলেন, অবসরের বয়সসীমা বাড়ানোর সুবিধা বিচার বিভাগ পেলেও পরবর্তী সময়ে তা আবার ৬৫ বছরে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। শুধু বিএনপির ওপর সব দায় চাপানো ঠিক নয়; পরবর্তী সময়ে অন্যরাও চাইলে এ পরিবর্তনের উদ্যোগ নিতে পারতেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৯ সালের পঞ্চম সংশোধনীকে বিচারপতি খায়রুল হক অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিলেন। কিন্তু ওই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের জন্য যুক্ত হওয়া সুবিধাগুলোর কোনোটিই বাদ দেওয়া হয়নি। অবসরের বয়সসীমাসহ বিভিন্ন সুবিধা বহাল রয়েছে।

তিনি বলেন, অবসরের বয়স ৬৫ বছরে ফিরিয়ে আনার প্রস্তাব করা হলে বর্তমানে দায়িত্বে থাকা এবং যাঁদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত হয়নি, এমন বিচারকদের বিষয়টিও আলোচনায় আসবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা আরও নিশ্চিত করা গেলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এ জন্য প্রধান বিচারপতির অবসরের বয়স ৬৫ বছর করার প্রস্তাব আনা যেতে পারে।