স্কুল শিক্ষার্থীদেরও এনআইডি দেওয়ার ভাবনা ইসির
প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব উঠেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ প্রস্তাবটি উত্থাপন করেন।
বৈঠকে ১৬ বছরের কম বয়সী শিশুদের নিবন্ধনের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে কার্যক্রম শুরুর প্রস্তাব দেন ইসি সচিব। তবে বিষয়টি এখনো প্রস্তাবের পর্যায়েই রয়েছে।
সভায় এ বিষয়ে আরও পর্যালোচনা ও সুপারিশ তৈরির সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি মহাপরিচালককে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দেন। কর্মশালার মাধ্যমে এনআইডি-সংক্রান্ত বিষয়ে সুপারিশ তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন মহল।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। তাঁদের সবারই জাতীয় পরিচয়পত্র রয়েছে। বেশির ভাগ ভোটার ১৮ বছর পূর্ণ হওয়ার পর এনআইডি পেয়েছেন। তবে কিছু নাগরিক ১৭ বছর বয়সেই এ সেবা পেয়েছেন।
ইসির নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই নাগরিকদের এনআইডি নিবন্ধন শুরু হতে পারে। তবে এর আগেও এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিল কমিশন। কিন্তু তখন তা বাস্তবায়িত হয়নি।