০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে যাবে র‍্যালি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান  © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।’

র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রায় উপস্থিত থাকবেন। এ কারণে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। রাজধানীতে স্মরণীয় একটি র‍্যালি অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘শোভাযাত্রা সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে একাধিক সভা করা হয়েছে। প্রধানমন্ত্রী র‍্যালিতে অংশ নেবেন, এতে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা তৈরি হয়েছে।’

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। পরে সেখানে ফাতেহা পাঠ করা হবে।

এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এবার দিবসটি ঘিরে দলটির কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করেছিল। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং দেশের সেনাবাহিনীর গৌরব ক্ষুণ্ন করতে চেয়েছিল, দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিল।’

প্রসঙ্গত, শুধু রাজধানী নয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও র‍্যালির আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হবে।