কোস্ট গার্ডের জাহাজ থেকে চার নেতার নাম সরল, বাদ গেল জয় বাংলা
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া জয় বাংলা নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।
সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিসিজিএস তাজউদ্দীন জাহাজের নতুন নাম হবে বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস সৈয়দ নজরুল জাহাজের নতুন নাম বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস মনসুর আলী জাহাজের নতুন নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর। বিসিজিএস কামরুজ্জামান জাহাজের নতুন নাম বিসিজিএস আশরাফ সিদ্দিকী। এ ছাড়া বিসিজিএস জয় বাংলা জাহাজের নতুন নাম বিসিজিএস অদম্য বাংলা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করতে কোস্টগার্ডকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নতুন নাম অনুমোদনের বিষয়টি গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কোস্টগার্ডকে জানায়। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
সংশোধনী, সংবাদটির শিরোনামে ভুলবশত কোস্ট গার্ডের পরিবর্তে নৌবাহিনী শব্দটা ব্যবহার হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।