মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিধি সংশোধন
মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেটে এক লাইনে নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও পেয়েছে সংস্থাটি। এ পরিবর্তন এনে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার।
গত ১ নভেম্বর সড়ক পরিবহন বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশ করা হয়।
সংশোধিত সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধিতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
এ ছাড়া সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে বিআরটিএ।
এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রেও নতুন বিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের অনুমতি দিতে পারবে সংস্থাটি।
নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের নকশা ও সামনের অংশের গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের বিন্যাস নির্ধারণ করতে পারবে বিআরটিএ।