পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন তিনি। এদিনই মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের মধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠকে মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে। এ সময় তিনি বলেন, ‘আমরা শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো।’
রবিবার (১ নভেম্বর) সেই ঘোষণা অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়।
এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।