৩১ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

উন্নত দেশগুলো প্রযুক্তি তৈরি করে ব্যবহার করছে, আমাদেরকেও সেখানে পৌঁছাতে হবে। শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সরকার ২০২৮ সাল থেকে পরিমার্জিত কারিকুলামের আলোকে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তিত হবে। ২০২৭ শিক্ষাবর্ষে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, আমার কারিগরি শিক্ষা, খেলাধুলা ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক নতুন ৪ টি বই দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিকল্পনা রয়েছে। সঠিকভাবে পাঠদান পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসুরক্ষা বা নদীগুলো জীবন্ত করার যত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রজেক্টগুলোয় শিক্ষার্থীদের ভাবনাগুলো দেখে খুশি হলাম। উন্নত বিশ্বের মতো ইন্ড্রাস্ট্রি -একাডেমিয়া সম্পর্ক সমন্বয় করলে এগুলোর বাস্তবায়ন করা সম্ভব। 

এসময় তিনি এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদের সামনে ভালো করার সুযোগ রয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কক্ষচ্যুত হয়ে যাওয়া নয়। বরং ভবিষ্যতে আরো উদ্যম নিয়ে ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মেলার একাধিক প্রতিষ্ঠানের প্রায় ১২ টি স্টলে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রিন্সিপাল লে.কর্নেল মো. তাজুল ইসলামসহ শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।