২৯ অক্টোবর ২০২৬, ২০:০৫

৫ ঘণ্টা পর অবশেষে রওনা হলো প্রধানমন্ত্রীর বিমান, দেখুন সরাসরি

প্রধানমন্ত্রীর বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট BG377  © সংগৃহীত

বিমান বাংলাদেশের উড়োজাহাজে ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে (জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টা) নারিতা বিমানবন্দর থেকে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বহনকারী বিমানটি ফ্লাইট নম্বর-বিজি৩৭৭ (BG377)।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘মাত্র যোগাযোগ করেছি। ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে রওনা করা সম্ভব হবে।’ এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জাপান থেকে জানান, ‘আলহামদুলিল্লাহ, ছেড়ে দিয়েছে বিমান।’

ফ্লাইট দেখুন সরাসরি এখানে

এর আগে, চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে জাপান যাওয়া বিমানে ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা বিমানবন্দরে আটকা পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সফরসঙ্গী ও যাত্রীরা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। 

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।’

পরে বিকাল সোয়া ৫টায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানের জনসংযোগ বিভাগ বলে, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।