এমন ব্যবস্থা করা হবে, যেখানে আয়েশ করে চাকরি করতে পারবেন: বিচারকদেরকে আইনমন্ত্রী
কেউ কেউ আদালতে দেরিতে আসেন, আবার নির্ধারিত সময়ের আগেই চলে যান—এমন অভিযোগ তুলে বিচারকদের সতর্ক করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যেসব বিচারক আয়েশ করে চাকরি করতে চান, তাঁদের জন্যও ‘আয়েশি ব্যবস্থা’ করা হবে।
তিনি বলেন, ‘কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দুই-তিন ঘণ্টা কোর্ট করেন, বেলা ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি আয়েশি কোনো জুডিশিয়াল অফিসার থাকেন, তাঁদের আয়েশি ব্যবস্থা আমরা করতে পারব। এমন ব্যবস্থা করা হবে, যেখানে আয়েশ করে চাকরি করতে পারবেন।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।
তরুণ বিচারকদের দক্ষতার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় পরিণত করতে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, তাঁরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং এআইকে সামনে নিয়ে যাবেন।’
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখের বেশি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ তৈরি হয়। এ চাপ কমাতে সরকার কাজ করছে। ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যেতে চায় সরকার। এ জন্য বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল করা এবং বিচারাধীন মামলার জট কমানো জরুরি।
বিচারপ্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ইতিমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে এবং এর সুফল জনগণ পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা নিশ্চিত করার বিষয়েও কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হয়েছে।’
তিনি বলেন, ‘নির্ধারিত তারিখে আসামিরা কারাগারে থাকবেন। সেখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁদের হাজিরা নিশ্চিত করবেন এবং আদালত ডিজিটাল পদ্ধতিতে তা যাচাই করবেন। বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং মামলা নিষ্পত্তির চাপ কমানোর মাধ্যমে বিচারব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।’