২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ  © সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১৮৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু করে জেলা নির্বাচন অফিস। ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম ১৮৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এ আসনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

উপনির্বাচন বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন এবং শেষ পর্যন্ত মাঠে থাকতে চান। প্রশাসনের প্রস্তুতির ওপর এখনো তাদের আস্থা রয়েছে। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনি প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি কার্যক্রমে ব্যবহারের অভিযোগ করেন জামায়াতের এই প্রার্থী।

অন্যদিকে, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফয়সল আমীন বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে সব শ্রেণি-পেশার ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন বলে তিনি আশাবাদী।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।