স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্য নেওয়া হবে
শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগে মাদ্রাসাকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ সবার জন্য উন্মুক্ত। এ ক্ষেত্রে মাদ্রাসাকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত শতবর্ষী স্কুল-কলেজের পক্ষ থেকে আবেদন করা হলেও মাদ্রাসার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার সার্বিক মানোন্নয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগে মাদ্রাসা বাদ পড়েছে কি না, টাঙ্গাইলের শতবর্ষী রোকেয়া কামিল মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান রুবেলের এমন প্রশ্নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি শতবর্ষী বলতে মাদ্রাসাকে বাদ দেওয়ার কথা বলিনি। আপনারা হয়তো বিষয়টি ভুল বুঝেছেন। আমরা বলেছি, শতবর্ষী স্কুলগুলো আবেদন করেছে। এখানে মাদ্রাসার পক্ষ থেকে আবেদন করা হয়নি।’
তিনি আরও বলেন, এই উদ্যোগ সবার জন্য উন্মুক্ত এবং এ বিষয়ে একটি নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান বিবেচনায় আসবে, সেগুলোর তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে। এরপর বাজেট বরাদ্দের মাধ্যমে সারা দেশে প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করা হবে। শিক্ষাক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এ ছাড়া টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মির্জাপুর-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন।