পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ ও আনসার ক্যাডারের কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ ও ব্রিফিংয়ের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর সকাল ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যোগদানপত্র গ্রহণ করা হবে। পরে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ব্রিফিং।
সোমবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারের কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করা হবে। এরপর বেলা ১২টা ৩০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন নম্বর ৮-এর তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে, গত ১৪ অক্টোবর ৪৫ তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পুলিশ ক্যাডারে ৭১ জন ও আনসার ক্যাডারে ২২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে গত ১৪ অক্টোবর ১ হাজার ৭০২ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। অর্থাৎ, আগে সুপারিশ পাওয়া ১০৫ প্রার্থী বাদ পড়েছেন।
বঞ্চিত প্রার্থীদের মধ্যে পিএসসি একজনের সুপারিশ বাতিল করেছে এবং ৪৮ জন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। আর ৫৬ প্রার্থী কী কারণে বাদ পড়েছেন, বাকিদের কথা জানা যায়নি।