২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০

আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি

আরিফুর রহমান শান্ত  © সংগৃহীত

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে বদলি করা হয়েছে। তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক একাউন্ট থেকে ইউএনওকে দায়ী করে এ পোস্ট করেন এসিল্যান্ড নিজে। পরে তার বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

খোঁজ নিয়ে জানা যায়, এসিল্যান্ড আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগদান করেন। তিনি তার স্ত্রীসহ উপজেলা সদরে বসবাস করতেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদক একটি টেলিভিশনের সাক্ষাৎকারে এসিল্যান্ডকে মানসিক অসুস্থ বলে জানান।

গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতে আমার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। এসিল্যান্ডের স্ত্রীসহ আমার বাসায় কেক কাটার আয়োজনে এসেছিলেন। এখান থেকে বের হয়ে গিয়েই তিনি এ পোস্ট দেন। পরে পুলিশসহ অনেকেই তার বাসায় যান। গিয়ে দেখেন তিনি অস্বাভাবিক আচরণ করছেন। পরে তার স্ত্রী সিদ্ধান্ত নেন সিলেটে চিকিৎসার জন্য নিয়ে যেতে। এখন পরিরারের তত্বাবধানে তিনি ঢাকায় আছেন।

ইউএনও অভিযোগ করে বলেন, রাতে তিনি একজন আনসার সদস্যকে মারধর করেছেন। তার তিন বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাকে পেয়েছেন তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন।

শিল্পী রাণী মোদক বলেন, ফেসবুক পোস্টে সে কেন আমার নাম লিখেছে সেটি আমারও প্রশ্ন। কেন আমার নাম ব্যবহার করেছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান গণমাধ্যমে বলেন, আমরা পারিবার থেকে যে বিষয়টি জেনেছি, তিনি আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। উনার স্ত্রী আমাদের যেটি জানিয়েছেন কয়েকদিন আগে জামালগঞ্জে একটি বাচ্চা মারা যায়। সেটি এসিল্যান্ড মূলত টেককেয়ার করেছিলেন। এর পর থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে যান। এখন পরিবারের তত্ত্বাবধানে আছেন