২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২

২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন আহবান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়  © টিডিসি সম্পাদিত

দেশের ২৬টি শিল্প খাতের কারখানাকে ‘পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উৎকর্ষ পুরস্কার-২০২৬’ দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে।

এ লক্ষ্যে আগ্রহী কারখানাগুলোকে আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি ও সফট কপি জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬টি শিল্প খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক (ওভেন ও নিট), টেক্সটাইল, চামড়া শিল্প (ফিনিশড গুডস ও ট্যানারি), ওষুধশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা, প্লাস্টিক, সিমেন্ট, টাইলস ও সিরামিক, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য, স্টিল মিল, তথ্যপ্রযুক্তি (আইটি), রাইস মিল, পাটকল, চিংড়ি, রাসায়নিক, প্রসাধনী, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং ও মোল্ডিং, এক্সেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ, জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা, কাচ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী কারখানাগুলোকে নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে এর হার্ড কপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখায় জমা দিতে হবে। ঠিকানা: কক্ষ নম্বর ৪৩০, ভবন নম্বর ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। পাশাপাশি আবেদনপত্রের সফট কপি section5mole@gmail.com অথবা dslabour@mole.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফরম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের mole.gov.bd এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের dife.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইদুর রহমানের দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ফোন নম্বর ০২-৪৭১১৯৫৪৪।