২৪ অক্টোবর ২০২৬, ১৬:১৭

পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল: আইজিপি

খুলনায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে আইজিপি  © সংগৃহীত

বল প্রয়োগ করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না। আপনারা আমরা সবাই মিলে একটি কার্যকরী পুলিশ বাহিনীর মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে। পুলিশ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই জনআস্থা পুনরুদ্ধার করা এবং কার্যকরীভাবে কীভাবে পুলিশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমার খুলনায় আসা।

আইজিপি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য আইনি কাঠামোর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে।

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধীরা একদিকে খুন হচ্ছে, অন্যদিকে খুন করছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিস্ট, আর না করলে দুর্বল বলা হয়। এসবের পরিবর্তে কার্যকর পুলিশ বাহিনীর মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে মাদককে সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজি যারা করে সমাজের প্রভাবশালী ব্যক্তি। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো প্রভাবশালীর হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে কিন্তু ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না এবং অভিযোগও করতে চায় না। এজন্য আমি আসার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়কে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা নতুন আইন এবং এগুলো সংস্কার করে এর বিরুদ্ধে যাতে পুলিশ মামলা দিতে পারে এবং পুলিশই যেন ব্যবস্থা নিতে পারে। যেকোনো ধরনের এভিডেন্স পেলে তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন নতুন আইন হচ্ছে। এগুলো সমাজ থেকে নির্মূল হবে।