২২ অক্টোবর ২০২৬, ০০:৩৩

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্মীয় চর্চা করতে এ দেশে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসঙ্গে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।’

এ সময় মন্ত্রী আরও বলেন, এ বছর কচুয়ায় পূজা উদ্‌যাপনের জন্য বিগত যেকোনো সময়ের তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।