বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখানা পরিদর্শন
যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে নির্ধারিত সময়ে ছাপার কাজ শেষ করার জন্য মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। এসময় তিনি পাঠ্যবই ছাপার ক্ষেত্রে যথাযথ মান বজার রাখারও নির্দেশ দেন।
শনিবার (১৭ অক্টোবর) প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ী মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন শনিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেন। আকস্মিক এ পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাসহ তিনি ছাপার অগ্রগতি, ছাপার মান, কাগজের মান, কাটিং, বাইন্ডিঙ ও উপজেলা পর্যায়ে ডেলিভারির অগ্রগতি দেখেন।
এর আগে বিকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি পর্যালোচনা করেন। পরে তিনি তেজগাঁওয়ে আরেকটি ছাপাখানায় যান এবং ছাপার কাজের অগ্রগতি দেখেন। তিনি যথাসময়ে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে নির্ধারিত সময় ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন। বিশেষ করে ছাপার মান যথাযথভাবে বজায় রাখতে বলেন।