১৭ অক্টোবর ২০২৬, ১৬:৪৫

প্রধান তথ্য কমিশনার নিয়োগ পেলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান  © টিডিসি সম্পাদিত

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে। এর আগে প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়।

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুই দশকের বেশি সময় ধরে গবেষণা, শিক্ষকতা এবং নীতি প্রণয়নে যুক্ত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি নেন। পাশাপাশি অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজেও ডিপ্লোমা করেছেন তিনি।

দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী অধ্যাপক ড. নাহরিন বর্তমানে মাধ্যমিক শিক্ষাক্রমের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর উন্নয়ন ও সম্পাদনা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘হিট’ প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করা, জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান এবং রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইনের অধীনে তথ্য কমিশন গঠিত হয়।