সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেও আসতে পারবেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।
এ ছাড়া জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।