মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপিএস
সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্য গুদাম পরিদর্শনে যাওয়ায় দায়িত্ব হারিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আব্দুল আওয়াল বুলবুল। এ ঘটনায় সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্য গুদাম পরিদর্শন করেন আব্দুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের সইয়ে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। এতে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া হয়। এ ছাড়া জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালকের কাছেও অনুলিপি পাঠানো হয়। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এ সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আব্দুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এদিকে বিষয়টি নিয়ে আব্দুল আওয়াল মন্ত্রীর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন বলে সূত্রের দাবি।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ে কাজ শুরুর পর থেকে নিজের এলাকা মানিকগঞ্জসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে তদবিরের বলয় গড়ে তোলার চেষ্টা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল আওয়ালের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।