১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শেখ রবিউল আলম
বিগত সরকার ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর অভিযোগ, এ বিপুল অর্থের বড় অংশ অপচয় ও অপ্রয়োজনীয় খাতে ব্যয় হয়েছে। এমনকি রেল খাতে লুটপাটও হয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘বিগত সরকার রেলের পেছনে ১৮ বছরে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু কোনো উন্নয়নের অগ্রগতি আমি দেখিনি। শুধুই অপচয় করেছে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেছে। লুটপাট করেছে।’
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে রেল যোগাযোগব্যবস্থায় যে অগ্রগতি হওয়ার কথা ছিল, তা হয়নি। এ কারণে দেশের রেল যোগাযোগব্যবস্থা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে এ খাত পিছিয়ে গেছে, আবার কোথাও কোথাও ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে রেলের সেবার মানের প্রত্যাশিত পরিবর্তন হয়নি। দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থাকলেও রেল খাতের যথাযথ দেখভাল করা হয়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।
রেল খাতে সেবার মান উন্নয়নের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, রেলের কাছ থেকে মানুষ যে ধরনের সেবা প্রত্যাশা করেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন।
এ সময় সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।