১৩ অক্টোবর ২০২৬, ১৮:০৮

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে যা বলল সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়  © সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। বিদেশের মাটিতে তার সঙ্গে এ ধরনের হয়রানিমূলক আচরণে জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি উত্থাপন করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার মাধ্যমে জড়িত ব্যক্তিরা বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।