১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৪

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহমান

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © সংগৃহীত ছবি

বিদেশের মাটিতে অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে হেনস্থা চেষ্টার ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

 মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াই তার বিরুদ্ধে এ ধরনের চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। আমরা নিজেরাও দেশে বসে সেই সমালোচনা করেছি। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও (আজমেরী হক বাঁধন) হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে।’

যুক্তরাষ্ট্রের মাটিতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা চেষ্টায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, ‘সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, বিদেশে অবস্থানকালে তা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল কি না, সেটিও পর্যালোচনা করা হবে। জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা অভিনেত্রীর ঘটনায় ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’