১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৫

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ

নির্বাচন কমিশন  © সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। ২৯ এপ্রিল হবে তৃতীয় ধাপের। আর চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণ যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৩ ও ২৭ মে।

সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না বলেও জানান তিনি।

এর আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য আজ সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামী ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করার কথা জানালেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না জানায় ইসি।