যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁসের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
আজ সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নফাঁসের প্রমাণ মেলায় পরীক্ষা স্থগিত করা হয়।
এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টার দিকে এসব সড়ক অবরোধ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলছে। এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মহাপরিচালক বলেন, ‘পরীক্ষার উদ্দেশ্যে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ার তথ্য আমরা জানতে পারি। বিতর্কিত কোনো পরীক্ষার ফলাফল প্রকাশ করা সরকারের কাজ নয়। স্বচ্ছতা ও আর্থিক অপচয় রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।