০৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার: ডা. জাহিদ

‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) সমাপনী অনুষ্ঠান  © সংগৃহীত

​মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে যে সকল অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আজ ​বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি। 

​মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুর মতামত এবং অধিকারকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয়ে শিশুদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। এর অংশ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। শিশুদের কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য তিনি অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আজ ছিল এর সমাপনী দিন।

​এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিশু অধিকার বিষয়ক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন জেলার শিশু একাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।