রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় প্রকাশ হয়েছে এবং হামলার ফুটেজও রয়েছে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের পক্ষ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না?
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিত করছি ফৌজদারী অপরাধের যে ব্যবস্থা আছে সে অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আইনের বিষয়। আইন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।’
তিনি বলেন, ‘আমি আপনার সাথে (সাংবাদিককে) একমত এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। সেখানে যেই জড়িত থাকুক না কেন প্রাথমিকভাবে যাদেরকে দেখা গেছে তাদেরকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।’