০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭

ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্ছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বর্তমানে ভিজিএফ কার্ডের আওতায় মাসে ১০ কেজি করে চাল দেওয়া হয়। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এখন থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে—অর্থাৎ চালের পরিমাণ বাড়িয়ে দ্বিগুন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডা. জাহেদ উর রহমান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শুধু চালের পরিমাণ বাড়ানোই নয়, ভিজিএফ কার্ডের সংখ্যাও বাড়ানো হচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন।

তিনি বলেন, সম্প্রতি অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপেও বলেছেন যে, বর্তমানে মূল্যস্ফীতি যে পরিস্থিতিতে আছে, তা কমানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এতে করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার অন্যান্য খাদ্য সহায়তামূলক কর্মসূচি জোরদার করছে।

আরও খবর: বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন পূরণ সাঈদীর

জাহেদ উর রহমান বলেন, ইতোমধ্যে উপকারভোগীদের পূর্ণদ্যোমে লিস্টিং কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়ে যাবে। সরকারের আশা, ভিজিএফ কর্মসূচির আওতা ও সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ফলে এই কঠিন সময়ে অসহায় ও দরিদ্র মানুষগুলো কিছুটা হলেও ভালো থাকবেন এবং তাদের ওপর চাপ কমবে।