০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম  © সংগৃহীত

ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য শিগগিরই প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকে খনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের পরিবেশগত উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও মঞ্চটি ব্যবহার করা যাবে।

মন্ত্রী জানান, ধানমন্ডি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার পরিবেশ উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই লেকের খনন ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ কিংবা ব্যাপকভাবে জব্দ করে ডাম্পিং করা হলে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসব যানবাহনের মালিক ও শ্রমিকদের নেতারা। অটোরিকশার চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা।

আন্দোলনকারীরা ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স ও রুট পারমিটের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত মালিকদের যানবাহন যাচাই করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলেছেন তারা।