এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী চার মাসের বেতন পাবেন। এর মধ্যে তিন মাসের বকেয়া বেতনও থাকবে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচারক ও বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন কাঠামো পেতে আরও অপেক্ষা করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। মন্ত্রণালয় ইতোমধ্যে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করেছে। এতে জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছে। সে অনুযায়ী বেতন হিসাবের সরকারি সফটওয়্যারও হালনাগাদ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বেতন হিসাবের প্রক্রিয়া কিছুটা জটিল। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের কাজ হাতে-কলমে করতে হয়। এ কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করতে বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ৫ লাখ ৮৭ হাজার। এর মধ্যে শিক্ষক রয়েছেন ৪ লাখ ৩২ হাজার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এই কেন্দ্রীয় সরকারি সংস্থার কাজ হলো শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রচার করা।
এদিকে বিচার বিভাগের জন্য দেওয়া সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি সচিব পর্যায়ের কমিটি। এ কারণে অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে পৃথক একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।