০৩ অক্টোবর ২০২৬, ১৬:০৮

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ‍নিয়ে সুখবর দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা হয়েছে। খুব দ্রুতই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হবে।

শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হোক। সেজন্য ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি হিসাব তুলে ধরেছিলাম। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এজন্য আগামীকাল আরেকটি হিসাব তার হাতে তুলে দেব।’

 শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে আগের চেয়ে বেশি টাকার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ২০২৫ সালের হিসেবে ২০০ কোটি টাকা দরকার ছিল। এখন তা বেড়ে ৭০০ কোটি টাকা হয়েছে। কারণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, কর্মচারীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা বেড়েছে। এটার রিপোর্ট আগামীকাল প্রধানমন্ত্রীকে দেব। যেন খুব দ্রুত সময়ের ভেতরে দেশের শিক্ষকদের এই চাকরি জাতীয়করণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা যাতে তিনি পূরণ করেন।’

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবসে প্রত্যেকটি উপজেলায় শিক্ষকরা অনুষ্ঠান করবে। ছাত্র-ছাত্রী, অভিভাবকদেরকেও সেখানে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। আমরা আশাবাদী এই সরকার শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে’