০১ অক্টোবর ২০২৬, ১৪:০৮

পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি

ফেরদৌসী আহমেদ মিষ্টি  © সংগৃহীত

পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গাড়ীতে করে সংসদে আসেন মিষ্টি। 

এরও আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্যও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে মহানগর উত্তরের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।