০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যাকগ্রাউন্ডে ফেরদৌস আহমেদ মিষ্টি  © টিডিসি সম্পাদিত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দলীয় নেতা ও প্রধানমন্ত্রীর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি তিনি বিএনপি থেকেও পদত্যাগ করবেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করবেন। যেকোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।

এ ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন।’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
 
রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে সেটিকে আমলে নেওয়া হবে না। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।