প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ: মাহদী আমিন
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়াকে (লালন) ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।
এর আগে,বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, লালনের পরিবার ‘কট্টর’ বিএনপিপন্থী হলেও জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি জামায়াতঘেঁষা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত হয়েছেন। দৌলতপুর থানা ও প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় সূত্রে তার আটকের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বাংলার ক্লাস নেওয়ার সময় এমন মন্তব্য করেন গোলাম কিবরিয়া লালন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকালে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য বৈঠকে বসে স্কুল ব্যবস্থাপনা কমিটি। বৈঠক চলাকালেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশ বিদ্যালয়টি ঘেরাও করে। এ সময় ভালো মানুষের মতো তুলে না দিলে টানা-হেঁচড়া করে নিয়ে যাওয়া হবে—এমন হুমকিও দেন বিএনপি নেতাকর্মীরা। পরে লালন স্কুল থেকে বের হওয়ার পর তাকে আটক করা হয়।
দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই লিংকন সরকার সন্ধ্যা সাড়ে ৭টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাগপুর স্কুলের আটককৃত শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় অবস্থান করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গোলাম কিবরিয়া লালন মঙ্গলবার দশম শ্রেণীর বাংলা ক্লাস নেওয়ার সময় বলেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বাংলা ভাষায় কথা বলতে পারছেন না এবং তার মধ্যে বাংলা চর্চাটা আর নেই; এমনকি জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও সেভাবে বাংলায় কথা বলতে পারেননি।
প্রধান শিক্ষক বলেন, ক্লাসের কোনো শিক্ষার্থী বিষয়টি তার অভিভাবককে জানালে তা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কান পর্যন্ত পৌঁছায়। পরবর্তীতে তারা বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের (কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা) সাথে কথা বলেন এবং এমপি সাহেব তাকে গ্রেপ্তারের কথা জানান।