৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে সুখবর দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

পোস্টে তিনি বলেন, ইনশাল্লাহ বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারি কর্মকর্তাদের সাথে নতুন জাতীয় বেতন স্কেল পাবেন। 

এদিকে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের জন্য প্রযোজ্য হবে।’

অতীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি হয়েছে। এ ছাড়া এমপিওভুক্ত জনবল সরকারি চাকরিজীবীদের ন্যায় ভাতা পান না। এ বিষয়গুলো কীভাবে সমাধান হবে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের বেতন বৃদ্ধি হবে। ভাতাগুলো আগের মতোই থাকবে। বিষয়গুলো নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কাজ করবে।’