৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২

নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ শুরু

আইবাস++ সিস্টেম প্রশিক্ষণ  © সংগৃহীত

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। আইবাস++ সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচি ব্যাক্স এবং আইবাস++ স্কিমের প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একটি বৈষম্যহীন, জন-বান্ধব, সুরক্ষিত, প্রযুক্তি নির্ভর ও কার্যকর সেবামূলক আর্থিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সে ধারাবাহিকতায় আইবাস++ সিস্টেমে বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, একাউন্টিং, ডিডিও কর্তৃক অনলাইন বিল দাখিলসহ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে অর্থ বিভাগ কর্তৃক জাতীয় বেতন স্কেল ২০২৬ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে কর্মকর্তা-কর্মচারীগণের পে-ফিক্সেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে আইবাস++ সিস্টেমের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, এই কার্যক্রমে প্রাথমিক কন্টাক্ট পারসন হিসেবে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের আওতাধীন (সিএএফও, ডিসিএ, ডিএএফও, ইউএও) দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণকে পে-ফিক্সেশন মডিউল বিষয়ক প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত প্রশিক্ষণসমূহ সংযুক্ত তালিকায় উল্লিখিত তারিখ ও সময়ে অনলাইনে (জুম প্লাটফর্ম) অনুষ্ঠিত হবে।

আরও উল্লেখ করা হয়, উক্ত প্রশিক্ষণে সংযুক্ত তালিকায় উল্লিখিত তারিখ ও সময়ে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সিএএফও, ডিসিএ, ডিএএফও, ইউএও দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণকে মনোনয়ন প্রদান এবং অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।