২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’

বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ি লোগো  © টিডিসি সম্পাদিত ছবি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আগামী ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। দেশের শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিটিভির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অভিনয়, বক্তৃতা, নৃত্য বিভাগ, সংগীত বিভাগ ও হামদ-নাত—মোট ৫ বিষয়ে প্রতিযোগিতা হবে। অভিনয় বিভাগে ১. অভিনয় ২. আবৃত্তি ৩. গল্পবলা রয়েছে। বক্তৃতা বিভাগে ১. উপস্থিত বক্তৃতা রয়েছে। 

এ ছাড়া নৃত্য বিভাগে ১. নৃত্য (সাধারণ/মিশ্র) ২. লোকনৃত্য ৩. উচ্চাঙ্গ নৃত্য ৪. দলীয় নৃত্য (সর্বোচ্চ ০৫ জন সদস্য) রয়েছে। সংগীত বিভাগে ১. ছড়াগান (শুধুই 'ক' শাখার জন্য) ২. দেশাত্মবোধক গান ৩. আধুনিক গান (শুধুই 'খ' শাখার জন্য) ৪. নজরুল সংগীত ৫. নজরুল সংগীত (দলীয়) ৬. রবীন্দ্র সংগীত ৭. লোকসংগীত ৮. যন্ত্রসংগীত রয়েছে। পঞ্চম ক্যাটাগরিতে ১. হামদ-নাত ২. ক্বিরাত রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বয়সসীমায় ‘ক’ ও ‘খ’ শাখা রয়েছে। যেখানে ‘ক’ শাখায় আবেদনের সর্বশেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ (ছয়) বছর থেকে ১১ (এগারো) বছরের নিম্নে এই সীমার মধ্যে হতে হবে (ছেলে ও মেয়ে উভয়)। ‘খ’ শাখায় আবেদনের সর্বশেষ তারিখে প্রতিযোগীর বয়স ১১ (এগারো) বছর থেকে ১৫ (পনেরো) বছর এই সীমার মধ্যে হতে হবে (ছেলে ও মেয়ে উভয়)।

এ ছাড়া ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ (বারো) থেকে অনুর্ধ্ব ১৭ (সতেরো) বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী অনলাইনে অথবা অফলাইনে যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

আবেদনপত্র পূরণ, প্রতিযোগিতার ভেন্যু এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) এবং ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর নির্ধারিত ওয়েবসাইটে (www.notunkuri.gov.bd) পাওয়া যাবে।