২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

ডিএমপি লোগো  © সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। শাহআলী থানার নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) বদলি করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, মিরপুর মডেল থানার তদন্ত মো. রাজীব হোসেনকে মিরপুর থানার ওসি, লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার অধীনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল সশস্ত্র লোক প্রাচীর টপকে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। হামলাকারীরা সেখানকার দুই নৈশপ্রহরীকে মারধর ও হাত-পা বেঁধে আটকে রেখে হ্যামার ও ভেকু দিয়ে সীমানা প্রাচীরসহ প্রতিষ্ঠানের একাধিক সেবা কক্ষ গুঁড়িয়ে দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা ক্লিনিকে থাকা ওষুধপত্র, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, এসি এবং ফ্রিজসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভবন ও আসবাবপত্র ভাঙচুরের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের আরও প্রায় ২৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দায়িত্ব অবহেলার কারণে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।