নবম পে-স্কেলের গেজেট: পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেড
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেসিক বেতন ৪০ থেকে ৫০ শতাংশ হারে বাড়ানোর বিধান কার্যকর হয়েছে। নতুন কাঠামো কার্যকর হওয়ার পর এখন বর্ধিত বেতন কবে থেকে হাতে পাবেন এবং পদোন্নতি না হলে গ্রেড কীভাবে বাড়বে এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে চাকরিজীবীদের মধ্যে।
বর্ধিত বেতন পাওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা কম। সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পেতে পারেন। তবে আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সুযোগ থাকায় সরকার চাইলে সেপ্টেম্বরের বেতনের সঙ্গেও নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারে।
অর্থ বিভাগের একটি সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার তথ্য আইবাস++ সফটওয়্যারে এন্ট্রি দিতে হয়। প্রতি মাসের ২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট তথ্য পাঠাতে হয়। ইতোমধ্যে অধিকাংশ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার তথ্য সাবমিট করেছে। আবার কিছু প্রতিষ্ঠান আগামীকাল রবিবারের মধ্যে তথ্য পাঠাতে পারে। এ কারণে সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন পে-স্কেলে পদোন্নতি না পেলেও নির্দিষ্ট শর্ত পূরণ হলে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারী পদোন্নতি না পেয়ে একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তার চাকরির রেকর্ড সন্তোষজনক হলে নবম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
এরপরও যদি ওই কর্মচারীর পদোন্নতি না হয়, তাহলে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর আরও একটি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে। তবে একই পদের বিপরীতে একাধিক উচ্চতর গ্রেড নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত প্রযোজ্য হবে। পদোন্নতির সুযোগ নেই এমন ব্লকড পদে কর্মরত কর্মচারীরাও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ পদোন্নতির সুযোগ না থাকা পদে দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার পথ থাকছে।