পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।
তবে প্রজ্ঞাপনে কয়েকটি শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে এ আদেশের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে তারা নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন না।
আরও পড়ুন: নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দেখুন এখানে
প্রজ্ঞাপন অনুযায়ী আওতার বাইরে থাকা শ্রেণিগুলো হলো-
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিবর্গ এ আদেশের আওতায় থাকবেন না।
প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা এ আদেশের আওতাভুক্ত নন।
পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এ আদেশের বাইরে থাকবেন।
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এ আদেশের আওতায় থাকবেন না।
শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) অথবা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতনকাঠামোর আওতায় থাকবেন না।
আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিরাও এ আদেশের বাইরে থাকবেন।
দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরা এ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিরাও নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নন।
সাধারণ সরকারি চাকরিজীবীদের পাশাপাশি জুডিসিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত সাধারণ পে-স্কেলের গেজেটের পাশাপাশি বা ঠিক পরপরই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য একটি পৃথক পৃথক প্রজ্ঞাপন হবে।